রাজনগরে  বিশ্ব হাতধোয়া দিবস পালিত

November 4, 2026,

আউয়াল কালাম বেগ : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজনগরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার ৪ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, দৈনন্দিন জীবনে সাবান ও নিরাপদ পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর হাত ধুলে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য হলো হাত ধোয়াকে দৈনন্দিন জীবনের অপরিহার্য অভ্যাসে পরিণত করা। পাশাপাশি নিজে সচেতন হওয়ার সঙ্গে অন্যদেরও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহ করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com