ফলো আপ : কমলগঞ্জে জো/ড়া খু/নের প্রধান আসামী মাসুক আটক

June 4, 2025,

স্টাফ রিপোর্টার :  জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় ২ ভাতিজিকে কূপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মাসুক আলী (৫২)-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তার আগে নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলী সহ আরও ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদসহ পুলিশের একটি দল বুধবার ৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের আপন চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম কোন কিছু না বলেই পেছন থেকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যা করে। হত্যাকারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তাদের মা হাজিরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে মাসুক গংরা। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনও তার জ্ঞান ফিরেনি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com