অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়-রেজিনা নাসের

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি রেজিনা নাসের বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষিত হওয়া এবং অধিকার আদায়ের জন্য নারীদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা রোডের জাতীয় মহিলা সংস্থার আইভী রহমান মিলনায়তনে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম ওয়েভ মৌলভীবাজার (হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ) এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়েভ মৌলভীবাজারের সভাপতি সুফিয়া সুলেমান কলি। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভানেত্রী রেজিনা নাসের।
বিশেষ অতিথিরা ছিলেন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, পিএফজি মৌলভীবাজারের কো অর্ডিনেটর খালেদ চৌধুরী, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় ফিল্ড কো অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
আলোচনায় অংশ নেন, পিএফজি উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, উপদেষ্টা রুহেল চৌধুরী, অ্যাম্বাসেডর শেখ মাহমুদুর রহমান, পিএফজি সদস্য মুহিবুর রহমান মুহিব ও ওয়েভ সদস্য পপি বেগমসহ অন্যরা।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, থানায় পৃথক নারী হেল্পডেস্ক চালু, গৃহকর্মে নিয়োজিত নারীদের শ্রমের মূল্যায়ন এবং স্কুলের পাঠ্যসূচিতে নারী অধিকার জেন্ডার সচেতনতা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
প্রধান অতিথি রেজিনা নাসের আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার গুরুত্ব অপরিসীম। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।



মন্তব্য করুন