প্রবাসীদের পোস্টাল ভোট ইউ-এর মাধ্যমে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি মনোনীত প্রার্থী নাসের রহমান

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ইউ ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
তাঁর নিজের ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, মৌলভীবাজার জেলার সদর উপজেলা ও রাজনগর উপজেলার প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসে থেকেও দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁদের এই অবদান জাতির জন্য গর্ব ও অনুপ্রেরণার।
এম. নাসের রহমান বলেন, দিন-রাত অক্লান্ত পরিশ্রমে অর্জিত প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। ভৌগোলিক দূরত্ব কখনোই প্রবাসীদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও আত্মপরিচয়কে ক্ষীণ করতে পারেনি। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের ভোটাধিকার কেবল একটি সাংবিধানিক অধিকার নয়, এটি দেশের প্রতি তাঁদের অবদানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।
বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর আরও জোরালো ও কার্যকর হওয়া প্রয়োজন। সততা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে প্রবাসীদের সচেতন সমর্থন সময়ের দাবি।
বিএনপি মনোনীত এই প্রার্থী আশা প্রকাশ করে বলেন, পোস্টাল ভোট ইউ-এর মাধ্যমে প্রবাসী ভোটাররা ধানের শীষ প্রতীকে তাঁদের মূল্যবান ভোট প্রদান করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, টেকসই উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে আসবেন। প্রবাসীদের ভালোবাসা, আস্থা ও ভোটেই দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তিনি মন্তব্য করেন।



মন্তব্য করুন