ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে বিএনপি নেতা এম নাসের রহমানের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা।
মৌলভীবাজার-৩ আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও সাবেক সাংসদ সদস্য এম নাসের রহমান সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল মান্নান মনোনয়ন পত্র জমা দেন। জমা দেন এনসিপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ অন্যান্য দল।
পরে এক প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দেশে বিদেশে নানা ভাবে এখন পর্যন্ত নির্বাচন বানচালের যড়যন্ত্র চলছে। সেটার উদাহরণ ওসমান হাদির হত্যাকান্ড। তাই সচেতন ভাবে আগাতে হবে। নির্বাচনী ট্রেন যেনো দূর্ঘটনার শিকার না হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, ফয়সল আহমদ, মো: বদরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো: আব্বাস আলী মাস্টার, পিপি এডভোকেট আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।
এর আগে এম নাসের রহমান বাহারমর্দানে তাঁর পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং মাতা দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি হযরত সৈয়দ শাহ মোস্তফার (রহ.) মাজার শরিফ জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন।



মন্তব্য করুন