বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘ভাতের হোটেল’, কমলগঞ্জে কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে তোলপাড়

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা-এর ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের জন্য প্রশংসিত হলেও সম্প্রতি বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষ ভাতের হোটেল ও থাকার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কক্ষটিতে রান্নার সরঞ্জাম, খাট-বিছানা ও ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। এমনকি মাঝে মাঝে সেখানে লোকজনের অবস্থানও দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের মতে, একটি সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এভাবে ব্যবহার করা শিক্ষা পরিবেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বনিক বিষয়টি স্বীকার করে বলেন, দুই-একদিনের মধ্যে স্কুল থেকে সব সরঞ্জাম সরিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।
এ বিষয়ে এনামুর রহিম বাবর জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো: আসাদুজ্জামান বলেন, শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার শিক্ষা পরিবেশের জন্য দুঃখজনক। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন