শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধা/ক্কায় টমটম চালক নি/হ/ত

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং তিন সন্তানের জনক।



মন্তব্য করুন