জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ

September 15, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারস্বরূপ নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট এবং স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।  প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে চা শ্রমিকদের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।

চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, জুড়ীতে চা বাগান শ্রমিক/পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রতিটি চা-বাগানকে মাদকমুক্ত রাখতে পঞ্চায়েত, শ্রমিক ও বাগান ব্যবস্থাপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রেইনকোট, সেলাই মেশিন, সাইকেল, হুইলচেয়ার ও গবাদিপশু বিতরণের মতো কল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চা শ্রমিকদের সঙ্গে সরকারের এই সম্পর্ক হবে দীর্ঘমেয়াদি ও আন্তরিক। তিনি সংসদ সদস্য হিসেবে সবসময় চা শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা শ্রমিক সংশ্লিষ্টরা ও  বিভিন্ন ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক, চা বাগানের গ্রাম পঞ্চায়েতের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com