জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর ম/র্মান্তি/ক মৃ/ত্যু

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে একটি জলাশয়ে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকার নারায়ণ দাসের ছেলে দূর্জয় দাস (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে আমতৈল গ্রামে এসেছিল দূর্জয় দাস। বুধবার দুপুরে অনন্য ও দূর্জয় বাড়ির পাশে নিলয় দাসের দোকান সংলগ্ন একটি জলাশয়ে বর্শি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়।
পরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে জলাশয়ে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে গভীর শোকের ছায়া।



মন্তব্য করুন