জুড়ীতে সিএনজি চালকের গ/লাকা/টা লা/শ উদ্ধার

September 17, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলায় আব্দুল কালাম বুলুচাঁন (৩৯) নামে এক সিএনজি অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জুড়ী-চান্দগ্রাম সড়কের জাঙ্গিরাই ব্রিজ সংলগ্ন জুড়ী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কালাম বুলুচাঁন উপজেলার দক্ষিণ বড় ধামাই গ্রামের ইনতাজ আলীর ছেলে। তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (মৌলভীবাজার থ-১২-৬০৮২) গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকায় সড়কের পাশে পাওয়া গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আব্দুল কালাম সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে তার সন্ধান করা হচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় লোকজন জুড়ী নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই কামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর আমি তাকে জুড়ী বাজারে দেখেছি। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে তার মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাই। গত দুই দিন ধরে বিভিন্নজনের কাছে তার খোঁজ করেছি। আজ তার গলাকাটা লাশ পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের সভাপতি সুমেল উদ্দিন বলেন, সিএনজি অটোরিকশাটির মালিক কচুরগুল গ্রামের একজন নারী। মালিকের বাড়ির রাস্তা কাঁচা হওয়ায় গাড়িটি পাশের একটি বাড়িতে রাখা হতো। গাড়ীটি ঐ বাড়ীতেই রয়েছে। মঙ্গলবার গভীর রাতে গ্যাস আনার কথা বলে আব্দুল কালাম গাড়ি নিয়ে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার মরদেহ জুড়ী নদী থেকে উদ্ধার করা হয়। একজন নিরীহ শ্রমিককে হত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, আব্দুল কালাম আমার নিজ এলাকা বড় ধামাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের চালক ছিলেন। এভাবে গলা কেটে তাকে নদীতে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জুড়ী থানার এসআই (নিঃ) শামীম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এবং কী কারণে সিএনজি অটোরিকশাচালক আব্দুল কালাম বুলুচাঁনের মৃত্যু হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com