বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে জামাতার ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক ব্যক্তি।
৮ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সম্পর্কে অভিযুক্ত ওমর ফারুকের ফুফা ও তালই হন।
নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে। অভিযুক্ত ওমর ফারুক তাঁর সম্বন্ধির ছেলে এবং মেয়ের জামাতার ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ও কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান সেখানে যান।
এ সময় পূর্বশত্রুতার জেরে ওমর ফারুক দা দিয়ে আব্দুর রহমানকে অতর্কিতভাবে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৯ অক্টোবর শুক্রবার দুপুরে ঘটনাস্থল মৃত তোতা মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িটি জনমানবশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে বাড়ির লোকজনের অনুপস্থিতির বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় আসে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য করুন