জন্ম থেকে মৃত্যু—

মোস্তফা সালেহ লিটন : পৃথিবীর সবচেয়ে কঠিন ও চিরন্তন সত্য হলো, মহান রব্বুল আলামীন যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আপনি ছিলেন সম্পূর্ণ পরিচয়হীন এক শিশু। আর পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আপনার সঙ্গে থাকবে না আপনার অর্জিত সম্পদ, ক্ষমতা, খ্যাতি কিংবা প্রিয়জনদের কেউ। শেষ বিদায়ে আপনার শরীর জড়িয়ে দেওয়া হবে এক টুকরো সাদা কাফনে।
জন্মের পর মা-বাবা আপনার নাম রেখেছেন, পরিচয় দিয়েছেন, সেই পরিচয়কে সমৃদ্ধ করতে আপনি শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে গড়ে তুলেছেন নিজের জীবন, অর্জন করেছেন সম্পদ, সম্মান ও প্রতিষ্ঠা অথচ মৃত্যুর পর পৃথিবীর কাছে আপনার পরিচয় হবে “একটি নিথর দেহ”। জন্ম ও মৃত্যুর মাঝখানে যে সামান্য সময়টুকু, এটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। এই সময়ে আপনি কী অর্জন করেছেন, কতটা মানুষের উপকারে এসেছেন, কতটা ন্যায় ও সততার পথে থেকেছেন, সৃষ্টিকর্তার প্রতি কতটা দায়িত্ব পালন করেছেন,সেই হিসাবই একদিন আপনাকে দিতে হবে মহান আল্লাহর কাছে।
মনে রাখতে হবে পৃথিবীতে আপনি শুধু ভোগ করতে আসেননি এসেছেন দায়িত্ব পালন করতে, মানুষের কল্যাণে কাজ করতে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে।
মৃত্যু আপনার সব পার্থিব পরিচয়ের অবসান ঘটাবে কিন্তু আপনার কর্ম ও মৃত্যুর আগ পর্যন্ত পরিচালিত জীবন ব্যবস্থার হিসাবের অবসান ঘটাবে না। তাই সময় থাকতে নিজেকে প্রশ্ন করুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনটি মহান আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন, সেই জীবনের প্রতিদানে আপনি তাঁর জন্য, মানুষের জন্য এবং বিশ্বমানবতার জন্য কী করেছেন ?



মন্তব্য করুন