আব্দুল গাফফার চৌধুরী সুইট ও শফিকুর রহমান চৌধুরী সুমনের ২৪তম মৃ/ত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে বাসদের শ্রদ্ধা ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার : ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার চট্টগ্রাম বন্দর ২০০ বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বন্দর অভিমূখে লংমার্চ কর্মসূচী ঘোষণা করেছিল তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। লংমার্চে অংশগ্রহণ করে অসুস্থতা জনিত কারণে মৌলভীবাজার জেলার বাসদ নেতা কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট এবং পরীক্ষার কারণে সিলেট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন কর্মসূচী সমাপ্ত হওয়ার পূর্বে বাড়ী ফেরার পথে ২৭ অক্টোবর ২০০২ আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মারা যান।
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ২৪তম মৃত্যুবার্ষিকীতে কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট এর কবরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা এবং রেডসেলুট প্রদান করা হয়।
আব্দুল গাফফার চৌধুরী সুইট ও শফিকুর রহমান চৌধুরী সুমন এর ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিকাল ৪:৩০টায় বাসদ মৌলভীবাজার জেলা কার্যালয়ে জেলা ইনচার্জ উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য আবুল হাসান, বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ সিলেট জেলা সদস্য ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।
স্মরণ সভায় নেতৃবৃন্দ জাতীয় সম্পদ বন্দর রক্ষা আন্দোলনে যোগ দিয়ে ফেরার পথে মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় মৃত্যুবরণকারী প্রয়াত দুই সহযোদ্ধার জীবন সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন যেই বন্দর তৎকালীন বিএনপি সরকার সাম্রাজ্যবাদী আমেরিকার স্বার্থে পর্যায়ক্রমে ২০০ বছরের জন্য মার্কিন আমেরিকার এক অখ্যাত বহুজাতিক কোম্পানির কাছে লিজ দিতে চেয়েছিলো দেশপ্রেমিক বামপন্থীদের আহ্বানে অনুষ্ঠিত লংমার্চে জনগণের ব্যাপক অংশগ্রহণ বিএনপি সরকারকে তখন চ্যালেঞ্জে ফলে দেয়। রক্ত দিয়ে জীবন দিয়ে পরবর্তীতে আমরা তখন বন্দর রক্ষা করি এবং এই ধ্বংসাত্মক চুক্তি বিএনপি সরকার বাস্তবায়ন করতে পারে নাই। এইসময়েরও গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে বর্তমানে বিএনপি সরকার মার্কিন তোষণে আমেরিকার সাথে দাসত্বমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করল, চরম আপত্তি শর্তেও ডিপিওয়ার্ল্ডের কাছে দেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দিয়েছে এবং দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করছে না। আমরা আওয়ামী সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র সহ পরিবেশ বিধ্বংসী সকল প্রকল্পের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যেতে হয়েছিল। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে আমাদের প্রয়াত এই দুই সহযোদ্ধারা উৎসর্গীকৃত জীবন আমাদের বর্তমানের লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে।
এর আগে সকালে আব্দুল গাফ্ফার চৌধুরী সুইটর কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সাবেক সমন্বয়ক বদরুল হোসেন, জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, সদস্য বিপ্লব মাদ্রাজি পাশী, সদস্য বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার সভাপতি শ্যামল সরকার ও পাঠাগার বিষয়ক সম্পাদক মৃন্ময় সেন মিশু প্রমুখ নেতৃবৃন্দ।



মন্তব্য করুন