কুলাউড়াসহ হাকালুকি হাওর পাড়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলাসহ হাকালুকি হাওর পাড়ের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানি কিছুটা কমেছে। তবে বড়লেখা উপজেলার সাথে এখনও সরাসরি কুলাউড়ার সড়ক যোগাযোগ চালু হয়নি। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে হাকালুকি হাওরের পানি। এতে হাওর তীরের কুলাউড়া উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুলাউড়া উপজেলার ৪টি বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষ ফিরতে পারছে না নিজগৃহে। বৃষ্টিপাত না বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আশ্রিতদের নিজ গৃহে ফিরতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে।
এদিকে পানি কমলেও মানুষের দুর্ভোগ যেন কমছেই না। রাস্তাঘাট বন্যা কবলিত হওয়ায় মানুষ গৃহবন্দি অবস্থায় আছেন। হাওর এলাকায় গবাদি পশুর খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ভুকশিমইল ইউনিয়নের বাসিন্দারা জানান, এবার হাওরে জলজ ঘাস নেই বললেই চলে। ফলে গরু বাছুর পালন দুষ্কর হয়ে পড়েছে। প্রায় ৫-৬ দিন পর শুক্রবার রোদের দেখা পেয়েছে হাকালুকি হাওর তীরের মানুষ। সবার মনে দেখা দেয় উৎফুল্লতা। বন্যার পানি আর দুর্ভোগ কাটিয়ে ভুকশিমইল ইউনিয়নের মানুষকে শহরে কেনাকাটায় আসতে দেখা গেছে দল বেধে। আস্থায়ীভাবে নৌকাঘাটগুলোতে মানুষের প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়। এদিকে কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।



মন্তব্য করুন