কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর সিএনজি অটোরিকশা চালককের লাশ উদ্ধার

September 6, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় নিখোঁজের ৪ দিন পর আসাদ আলী (১৯) নামক এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে টিলাগাও ইউনিয়নের লংলা চা বাগানের মালিকানাধিন রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র আসাদ আলী ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭ টার দিকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা (নং-মৌলভীবাজার থ ১১-১৫৮৮) নিয়ে বের হন। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন আসাদ।
২ সেপ্টেম্বর শনিবার পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (নং-৬৩, ০২.০৯.১৭)) করা হয়েছে। এদিকে সোমবার সকালে স্থানীয়রা লংলা চা বাগানের মালিকানাধিন রাবার বাগানে গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে বাগানে ফেলে গেছে। পুলিশের তদন্ত চলছে আশা করি মূল রহস্য বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com