হাকালুকি হাওরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

আব্দুর রব॥ হাকালুকি হাওরে জেলেদের জালে এবার ধরা পড়লো বিরল প্রজাতির মাছ। যদিও প্রায়ই ধরা পড়ছে মাঝারি আকারের পদ্মার ইলিশ যা হাওরপাড়ের বাজারগুলোতে বিক্রি হচ্ছে। ৬ মাসের বেশি সময় ধরে হাকালুকি হাওরাঞ্চল বন্যা কবলিত। স্থানীয়দের ধারণা বঙ্গোপসাগর থেকে সুরমা নদী হয়ে বিরল প্রজাতির দেশি-বিদেশি অনেক মাছ হাকালুকি হাওরে প্রবেশ করেছে।
সরেজমিনে জানা গেছে, হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারে জেলেরা মাছ ব্যবসায়ীদের নিকট প্রায়ই বিরল প্রজাতির মাছ বিক্রি করছেন।
২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে মাছ ব্যবসায়ী সাহাব উদ্দিন অদ্ভুত আকৃতির ও আকর্ষনীয় রঙের একটি মাছ বিক্রির জন্য প্রদর্শন করেন। হাকালুকি হাওরের এক জেলে অন্যান মাছের সাথে এ মাছটি তার নিকট বিক্রয় করেছে। বড়লেখা ডিগ্রী কলেজের হিসাব রক্ষক ময়নুল হক জানান, মাছটির ওজন ৩০০ গ্রামের মতো হবে। শখ করে এ্যকুরিয়ামে রাখার জন্য তিনি মাছটি ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সমজিদ কমিটি মাছটি ক্রয় করে পুকুরে ছেড়ে দিয়েছে।
প্রবাসী নুরুল আমিন মাছটি সঠিক নাম বলতে না পারলেও তিনি জানান, এটি দেশিয় কোন মাছ নয়। এধরনের মাছ ভারত ও আরব সাগরে দেখা যায়। থাইল্যান্ডেও দেখা যায়। ধারণা করছেন বঙ্গোপসাগর থেকে মাছটি সুরমা নদী হয়ে হাকালুকিতে প্রবেশ করেছে।
উপজেলা মৎস্য অফিসের তথ্য সংগ্রহকারী সামছুল হাসান জানান, খবর পেয়ে তিনিও মাছটি দেখতে যান। চমৎকার এ মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করেন। এটি ক্যাটফিস বলেই তিনি মনে করছেন।



মন্তব্য করুন