কুলাউড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন ॥ শাশুরী ও শালিকা আহত

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় শ্বাশুড়ি ও শালিকা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীরা জানান, ২৩ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে নাসিমা বেগম আদমপুরের তার বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘাতক স্বামী রফিক মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে। বাধা দিতে গেলে শ্বাশুড়ি সুনাজান বিবি ও শালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় রফিক। আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ও পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার ভোরে কুলাউড়া উপজেলার বদনাবিল এলাকা থেকে ঘাতক স্বামী রফিক মিয়াকে আটক করে পুলিশ। রফিক একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ শামীম মুসা জানান, রফিক মিয়াকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে।



মন্তব্য করুন