কুলাউড়ায় চাঁদা না দেয়ায় পল্লীবিদ্যুতের গ্রাহকের উপর হামলা

বিশেষ প্রতিনিধি॥ পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে অবৈধ চাদা দিতে অনিহা প্রকাশ করায় এক গ্রাহককে প্রকাশ্যে মারধর করে আহত করেছে একদল চাদাবাজ চক্র। এ ঘটনায় ওই চাদাবাজ চক্রের ৫ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। ঘটনাটি ঘটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুড়ইছড়া বাজারে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে শিকড়িয়া গ্রামের আহাদ আলীর উপর ৫ হাজার টাকা চাঁদা দাবী করে একই এলাকার আক্তার আলী, আকছর আলী, আব্দুল জব্বার, জামাল মিয়া এবং কয়ছর আলী। অভিযোগকারী আহাদ আলী তাদের কথামতো ৩ হাজার টাকা দিতে সক্ষম হলেও বাকী ২ হাজার দিতে না পারায় ১ নভেম্বর স্থানীয় মুড়ইছড়া বাজারে প্রকাশ্যে জনসম্মুখে পিঠিয়ে গুরুতর জখম করে ওই চাদাবাজরা। এসময় গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে আহাদ আলীর মাথায় ৩৮টি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় আহত আহাদের ভাই উসমত আলী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের আলোকে কুলাউড়া থানার এস আই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ শিকড়িয়া গ্রামে অভিযান চালিয়ে চাদাবাজ চক্রের ওই ৫ জনকে আটক করে। এছাড়াও এঘটনায় জড়িত আরও পলাতক রয়েছে মনু মিয়া ও কামাল মিয়া।
এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই সানা উল্লাহ ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন