কুলাউড়া পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি পালিত

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনসনসহ অন্যান্য আর্থিক সুবিধা চালুর দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে কুলাউড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার ৬ নভেম্বর সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। দেশের বাকি ৩২৬ টি পৌরসভার মতো কুলাউড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলাকালে স্থবির হয়ে পড়ে পৌরসভার কার্যক্রম। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. কামরুল হাসান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কাউন্সিল কায়সার আরিফ, কাউন্সিলর মো. হারুনুর রশীদ, কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, কাউন্সিলর তানভীর আহমদ শাওন, কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী, কাউন্সিলর শামসুল ইসলাম শামছু, কাউন্সিলর লোকমান মিয়া সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কুলাউড়ার সাধারণ সম্পাদক ও পৌর কর নির্ধারক মো. তাজুল ইসলাম জানান, বর্তমানে আমাদের বেতন-ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে। পৌরসভার আয় না হলে বেতন হয় না। তাই আমরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের দাবি সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়া হোক।
উল্লেখ্য,২০ অক্টোবর রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি জরুরী সভা শেষে উক্ত কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্যা এই কর্মসূচি ঘোষণা করেন।



মন্তব্য করুন