কুলাউড়ায় চ্যারেটি মিশনের ইনচার্জকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লক্ষীপুর মিশনারি চ্যারেটি হাউজের ইনচার্জ মেডলিন গোমেস (৫৫)’কে কুপিয়ে লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কুলাউড়া-গাজীপুর সড়কের রাজাপুর এলাকার গোগালী ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, মিশনারি চ্যারেটি হাউজের ইনচার্জ মেডলিন গোমেস ও তার সহযোগী সিষ্টার ভেনেসা গোমেস সোমবার দুপুরে সোনালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। এরপর তারা শহরের দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি নিয়ে মিশনের উদ্দেশ্যে রওয়ানা হন।
কুলাউড়া-গাজীপুর সড়কের রাজাপুর এলাকার গোগালী ব্রিজের কাছে যাওয়া মাত্র দুটি মোটরসাইকেল আসা মুখোশ পরিহিত ৪ জন ছিনতাইকারী তাদের সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এসময় মেডলিন এর হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতাবস্থায় মেডলিন ও ভেনেসাকে উদ্ধার করেন।
তাঁরা কুলাউড়া থানায় এসে বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা ও লক্ষীপুর মিশন উচ্চ বিদল্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সাগর লইস রোমারিও (ওএমআই)। কুলাউড়া থানার এস আই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন অভিযোগ দেননি ছিনতাইয়ের শিকার ওই নারী।



মন্তব্য করুন