প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলায় অব্যবস্থাপনা ও ফলাফল পরিবর্তনের অভিযোগ

March 17, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলায় অব্যবস্থাপনা ও ফলাফল পরিবর্তনের অভিযোগ করেছে রাজিব স্মৃতি সংঘ কৌলা।

১৬ মার্চ  শুক্রবার ক্রীড়া সংস্থার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রাজিব স্মৃতি সংঘের সাধারন সম্পাক শংকু দেব শুভ অভিযোগ করেন, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা ছিলো ১৫ মার্চ বৃহস্পতিবার। ফাইনাল খেলায় অংশ নেয় সোনারবাংলা যুব সংঘ আলালপুর এবং রাজিব স্মৃতি সংঘ কৌলা। প্রথমে রাজিব স্মৃতি সংঘ ব্যাটিং করে ২০ ওভার শেষে ২১৬ রান সংগ্রহ করে। ২১৭ রানের টার্গেট নিয়ে সোনার বাংলা যুব সংঘ ব্যাট করতে নেমে ১৯ অভারে ৭ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। শেষ ওভারে সোনার বাংলার প্রয়োজন হয় ৬ বলে ১৭ রান। ওভারের শেষ বলে ৩ রানের প্রয়োজন হলে দলের ব্যাটসম্যান শাওন বল তুলে মারলে মিড অফের ফিল্ডার রায়হানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। খেলার পরিচালক বিল্পব সরকার ও জায়েদ জামান খান তামি ব্যাটসম্যান শাওনকে আউট হিসেবে ঘোষণা দেন। সাথে সাথে উপস্থিত দর্শকরা আনন্দে মাঠে প্রবেশ করে উল্লাস শুরু করেন। মাঠে বসে খেলা উপভোগ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি চৌঃ মোঃ গোলাম রাব্বী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদসহ বিপুল পরিমান দর্শক।

খেলা অমিমাংসিত রেখে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য শেষে ম্যান অব দ্য ম্যাচ, ম্যাচ অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল ও অতিথিদের সম্মাননা স্মারক বিতরণ পর্ব শেষ হয়।

চ্যাম্পিয়ন ও রানার্স আফ ট্রফি তুলে দেয়ার আগ মুহুর্তে অনুষ্ঠানের বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, মঞ্চ থেকে বের হয়ে সোনার বাংলা যুব সংঘের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে গোপন আলোচনা করে মঞ্চে ফিরে আসেন। রাজিব স্মৃতি সংঘের দলীয় অধিনায়ক ও টিম ম্যানেজম্যান্টের সাথে কোন কথা না বলে সুপার ওভার খেলার সীদ্ধান্ত দেন। যা অযৌক্তিক ও খেলার নিয়ম বহির্ভূত।

এদিকে রাজিব স্মৃতি সংঘ তাদের অতিথি খেলোয়াড়দের বিদায় দিতে মাঠ ত্যাগ করে। পরে সোনার বাংলা সংঘকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রানার আপ ট্রফিটিও রাজিব স্মৃতি সংঘকে দেয়া হয়নি।

তিনি লিখিত বক্তব্যে আরও জানান, সুপার ওভার খেলা হয়নি অথচ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুপার ওভার খেলে সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। কুলাউড়া ক্রীড়া সংস্থা যাতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা আগামীতে না ঘটায় এবং সংঘটিত ঘটনার সুষ্ট সমাধান করে কুলাউড়ার ক্রীড়াঙ্গনকে কলংকমুক্ত করার জোর দাবি জানান।

সংবাদ সম্মলনে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজিব স্মৃতি সংঘের উপদেষ্ঠা নামজুল আলম, রুহুল আমীন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, সভাপতি সুমন দেব, সাধারণ সম্পাদক শংকু দেব শুভ, রাজিব স্মৃতি সংঘের টিম ম্যানেজার সামাদ আহমদ, কোষাধ্যক্ষ হাসান আহমদ, প্রচার সম্পাদক মুনিম আহমদ।

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী জানান, খেলার সিদ্ধান্ত  দেন মাঠের পরিচালক। তাৎক্ষণিকভাবে সংঘাত এড়াতে তারা সিদ্ধান্ত দিতে বিলম্ব করেন। আসলে সিদ্ধান্তটা একটু পরে দেয়ায় বিতর্ক দেখা দিয়েছে। সুপার ওভারের সিদ্ধান্ত দেয়ার পর রাজীব স্মৃতি সংঘের খেলোয়াড়দের আর পাওয়া যায়নি। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের হস্তক্ষেপের কারণ হলো সোনার বাংলা যুব সংঘ উনার এলাকার টিম। তিনি খেলার সুষ্ঠু সমাধানের চেষ্টা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com