ইংরেজী নববর্ষে ব্যাপক প্রস্তুতি স্বত্তেও মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটক শূন্য

আব্দুর রব॥ নববর্ষ উপলক্ষে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাতে আগত পর্যটকদের বরণ করতে সংশ্লিষ্টদের ব্যাপক প্রস্তুতি স্বত্তেও বুধবার এ পিকনিক স্পটে তেমন পর্যটক সমাগম ঘটেনি। জাতীয় বই বিতরণ উৎসবের প্রভাবেই মাধবকুণ্ডে বর্ষবরণকারী প্রকৃতিপ্রেমীদের ভিড় জমেনি বলে স্থানীয়রা ধারণা করেছেন। পর্যটন পুলিশ, থানা পুলিশ, বন বিভাগ ও মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির ধারণা ছিল নববর্ষ উপলক্ষে বুধবার মাধবকুণ্ডে ১৫ থেকে ২৫ হাজার পর্যটকের সমাগম ঘটবে। সেখানে মাত্র সহস্রাধিক বিনোদনকারীর সমাগম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ডে বর্ষবরণে হাতে গুনা পর্যটক সমাগম ঘটেছে। অন্যান্য বছর এ দিনে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান কবির ও সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, নববর্ষে আগত পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার লক্ষে মঙ্গলবার বিকেলে তারা প্রস্তুতিমুলক আলোচনা সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মাধবকুণ্ডের মেইন ফটক ও অভ্যন্তরীণ রাস্তার বিভিন্ন স্থানে তারা পর্যটকদের ফুল দিয়ে বরণ করেছেন। তবে আশানুরূপ পর্যটক সমাগম হয়নি।
বনবিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস ও মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল হক জানান, ১ জানুয়ারী জাতীয় বই বিতরণ উৎসব থাকায় মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা অনেকটা পর্যটক শূন্য ছিল। তবে সহস্রাধিক পর্যটকের সমাগম হয়েছে। দুরদুরান্তের পর্যটকদের তারা ফুল দিয়ে বরণ করেছেন।



মন্তব্য করুন