বড়লেখায় চা বাগান কর্তৃক মুক্তিযোদ্ধার ভুমি দখলের চেষ্টা

আব্দুর রব: বড়লেখায় প্রয়াত মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের খরিদা ভুমির সীমানা পিলার উপড়ে ফেলার ও ওই তার নামের সাইনবোর্ড ভাংচুরের ঘটনা ঘটেছে। আকিজ গ্রæপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধার মালিকানাধীন এই জায়গাটি বাগান কর্তৃপক্ষ দখলের চেষ্টা করছিল।
এদিকে আকিজ গ্রæপের মালিকানাধীন চা বাগান ব্যবস্থাপক কর্তৃক রণাঙ্গণের বীর সৈনিক বড়লেখার প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুর রহমানের নামের ব্যানার-সাইনবোর্ড ছিড়ে ও ভেঙ্গে ফেলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. সিরাজ উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের জেলা সেক্রেটারী ও উপজেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের রসগ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ১৯৬৮ সালে বড়লেখা উপজেলার তেরাদরম মৌজার ২০৮ নং খতিয়ানের সাবেক ১১৭৮ নং দাগের (হাল দাগ ২২০২) টিলা শ্রেণীর ৫ একর ৮০ শতাংশ ভুমি নিলামে ক্রয় করেন। এ ভুমির পূর্বপার্শে (সংলগ্ন) বাহাদুরপুর চা বাগানের মালিকানাধীন ভুমি বিদ্যমান। ১৯৯৯ সালে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা সফিকুর রহমান মারা গেলে বিভিন্ন সময় প্রভাবশালী মহল তার খরিদা ভুমি দখলের পায়তারা চালালেও দখলে নিতে পারেনি। প্রায় ৬ বছর পূর্বে বাহাদারপুর চা বাগানের মালিকানা কিনে নেয় আকিজ গ্রæপ। এরপরই শুরু হয় প্রয়াত মুক্তিযোদ্ধার ভুমি দখলের পায়তারা। ওই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পৈত্রিক ভুমিতে কাজ করতে গেলে নতুন বাগান কর্তৃপক্ষ প্রায়ই বাধা দেয়। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর রাতের যে কোন সময় বাগান কর্তৃপক্ষ প্রয়াত মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের মালিকানাধীন ভুমির সীমানা পিলার, তারকাটা উপড়ে ফেলে। মুক্তিযোদ্ধার নামের ব্যানার ছিড়ে ফেলে, সাইনবোর্ড ও টিনসেট ঘর ভেঙ্গে দেয়।
১২ ফেব্রæয়ারী বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ভুমির সীমানা পিলার ও তারকাটা উপড়ানো এবং ব্যানার-সাইনবোর্ড ছেড়া ও ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের ছেলে নাদের আহমদ জানান, বুধবার সকালে বাগান বাড়িতে গেলে পিলার ও তারকাটা উপড়ানো ও বাবার নামের সাইনবোর্ড-ব্যানার ছিড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। বাগানের লোকজন জানিয়েছে, ম্যানেজারের নির্দেশে তারা এগুলো অপসারণ করেছে। নাদের আরো জানান, এই ভূমিটি আমাদের বাবার খরিদা সূত্রে পাওয়া। আগের বাগান মালিকরা কেউ দাবি করেননি। চলতি সন পর্যন্ত খাজনাও পরিশোধ রয়েছে। কিন্তু আকিজ গ্রæপ বাগান ক্রয় করার পর আমাদের ভূমি দখলে নেয়ার চেষ্টা করছে। কাজ করতে গেলে বাধা দেয়। আবার তাদের মালিকানার বিষয়ে কোনো প্রমাণপত্রও দেখায় না। জোর করে বাবার স্মৃতির চিহ্নটুকু দখলের পায়তারা করছে।’
চা বাগানের ব্যবস্থাপক আব্দুল কাদের মুঠোফোনে জানান, ‘এ ভূমি নিয়ে বিরোধ রয়েছে। তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় এগুলো উপড়ে ফেলা হয়েছে। আগের মালিকের নিকট থেকে ওই ভুমি ক্রয়ের কোন কাগজপত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এটা কোম্পানির লিগ্যাল এডভাইজাররা ভাল জানেন।’



মন্তব্য করুন