শহীদদের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান-জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
তিনি শনিবার ১৮ জুলাই দুপুরে জুলাই রাজবন্দি অ্যালায়েন্স এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জুলাই রাজবন্দি ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে ও জুলাই রাজবন্দি অ্যালায়েন্স এর আহ্বায়ক আব্দুস সালাম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ব্যাংকার ও সমাজসেবী মোস্তাক আহমদ মম, গণ অধিকার পরিষদের নেতা অপু রায়হান, রাজবন্দি ও জুলাই আন্দোলনকারী বাবুল মিয়া, লোকমান সাদি, মেহবুবা আক্তার তমা, আব্দুল মুকিত, কাজি মুনজের, মাছুম আহমেদ চৌধুরী, মো: নুরুজ্জামান, আমিরুন্নেসা আলো, নূর আহমেদ হাসান, শেখ নিছা, রাজিবুল ইসলাম, মোহাম্মদ জায়েদ, মাহি আহমেদ মাহবুব, রিপন গোয়ালা, এমদাদুল হক সুলতান, শাকিল আহমেদ নিশান সহ অন্যান্যরা।
বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “বাংলার ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তার মূল লক্ষ্যই হলো জনগণের ভোটের অধিকার রক্ষা এবং একটি সুশৃঙ্খল, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করা।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মনমানসিকতা পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, প্রতিটি সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত ও নিয়মের মধ্যে থেকে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে গঠনমূলক সমালোচনা ও প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান বাংলাদেশে এখন আর চাইলেই কাউকে গুম করা কিংবা অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটাই চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট।”
মৌলভীবাজার জেলার অর্থনৈতিক সচ্ছলতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সবাই মিলে একযোগে কাজ করলে এই জেলা সারা দেশের বুকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক মডেল হিসেবে পরিচিতি পাবে। একই সাথে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করাই আসল দেশপ্রেম, যা জুলাইয়ের স্বপ্নকে সার্থক করবে।




মন্তব্য করুন