রাজনগরে শীতলপাটি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

আউয়াল কালাম বেগ : রাজনগরে শীতলপাটি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। সভাপতিত্ব করেন মো: নাসিব ইসলাম অভি কনজারভেশন অফিসার, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। সূচনা বক্তব্য রাখেন মো: মনিরুজ্জামান উপস্থাপক ও গাইড লেকচারার, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
বক্তব্য রাখেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল।
রেজাউল ইসলাম সিমান্তিকের জেলা টিম লিডার শীতলপাটি শিল্পী রমা দাস ও কারুশিল্পী প্রমেস দাস প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, শীতলপাটি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী কুটিরশিল্প, যা মূলত মুর্তা বেত দিয়ে তৈরি হয়। ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেলেও কাঁচামালের সংকট, পুঁজির অভাব, প্লাস্টিকের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা এবং ন্যায্যমূল্যের অভাবে এ শিল্প আজ বিলুপ্তির পথে। এই শীতলপাটি শিল্পকে পুনরুদ্ধার করতে পরিবেশবান্ধব এ পণ্যের বিশ্বজোড়া চাহিদা ও এর নান্দনিক ব্যবহারের মাধ্যমে একে লাভজনক রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কারুশিল্পীদের মাসিক প্রণোদনা বা ভাতার ব্যবস্থা করা, মুর্তা বেতের উৎপাদন বৃদ্ধি, নার্সারিতে মুর্তা বেতের চারা বিতরণ, সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শীতলপাটি বুননে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।



মন্তব্য করুন