নতুন দায়িত্বে নাসের রহমান, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

September 3, 2026,

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। এর মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

বুধবার ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো: নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর কমিটি গঠন করা হয় এবং এতে নাসের রহমানকে সভাপতি করা হয়।

সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো: নুরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো: নুরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হউক।’

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান ছাড়াও কমিটির সদস্যরা হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

গুরুত্বপূর্ণ সংসদীয় দায়িত্ব :

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং সংসদের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত নীতি ও প্রশাসনিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় নজরদারি ও পর্যালোচনার সুযোগ রয়েছে এই কমিটির।

দেশে ভূমি ব্যবস্থাপনা, ভূমি রেকর্ড ও জরিপ, খাসজমি, ভূমি অধিগ্রহণ, ভূমি-সংক্রান্ত বিরোধ এবং সাধারণ মানুষের ভূমিসেবা—এসব বিষয় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ জনস্বার্থের সঙ্গে যুক্ত। ফলে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বকে সংসদীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়ায় নাসের রহমানের সংসদীয় ভূমিকা আরও বিস্তৃত হলো। তাঁর সভাপতিত্বে কমিটির কার্যক্রমে ভূমি মন্ত্রণালয়ের জবাবদিহি, স্বচ্ছতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com