সিলেট বিভাগে ২য় স্থানে মৌলভীবাজার ফায়ার স্টেশন

September 3, 2026,

স্টাফ রিপোর্টার : সেবার মান, অপারেশনাল দক্ষতা ও স্টেশন পরিচালনায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। সিলেট বিভাগের ৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে মৌলভীবাজার ফায়ার স্টেশন। এর আগে অপারেশনাল দক্ষতায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে মহাপরিচালকের কাছ থেকে ইনসিগনিয়া ও প্রশংসা পেয়েছেন স্টেশন অফিসার বেলায়েত হোসেন।

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সারাদেশের প্রতিটি বিভাগে বিভাগীয় কার্যক্রম ও স্টেশন পরিচালনার মানোন্নয়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে নির্ধারিত ১০০ নম্বরের মানদণ্ডে বিভিন্ন কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ জন্য স্বস্ব বিভাগে একটি করে পরিদর্শন কমিটি গঠন করা হয়। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্টেশনগুলোর কার্যক্রম, অপারেশনাল সক্ষমতা, প্রস্তুতি, শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করা হয়। সিলেট বিভাগে অনুষ্ঠিত এ মূল্যায়নে বিভাগের ৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ফায়ার স্টেশন দ্বিতীয় স্থান অর্জন করে।

ইতিহাসের প্রথম এ রকম উদ্যোগ গ্রহণের জন্য মহাপরিচালককে অনেক ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়ায় স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, মৌলভীবাজার ফায়ার স্টেশনের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের জানমাল রক্ষায় আমরা আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com