নাসের রহমান এমপির উদ্যোগে ৪ সেপ্টেম্বর মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, প্রয়াত এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগীদের অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দনে এম নাসের রহমানের নিজ বাড়িতে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লায়ন্স ক্লাব অব সিলেট এমিনেন্ট, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এবং লায়ন্স চক্ষু হাসপাতাল, আগারগাঁও, ঢাকার সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
চক্ষু শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি চোখের ছানি রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য রোগী নির্বাচন করা হবে। বাছাইকৃত রোগীদের লায়ন্স চক্ষু হাসপাতাল, আগারগাঁওয়ে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া শিবিরে অংশ নেওয়া রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্ষু চিকিৎসাসেবা থেকে যাতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক রোগীকে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
প্রয়াত এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।



মন্তব্য করুন