মাধবপুর লেইকে পর্যটকদের ভিড়

ওমর ফারুক নাঈম॥ মাধকপুর লেইক থেকে ফিরে সবুজে সবুজে আচ্ছাদিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের মাধবপুর লেইক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই লেইক। একটু অন্যরকম সময় পাড় করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নৈসর্গের এই স্বর্গীয় অপরূপ সৌন্দর্য্য দেখতে প্রতিনিয়ত পর্যটকরা ছুটে আসেন এখানে।
মাধবপুর লেইক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানে অবস্থিত। দেশী বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার ও শ্রীমঙ্গল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম লেইকটি।
সুনীল আকাশ, ঘাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত মনোরম চা বাগানের দৃশ্য। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত অপূব একটি লেইক। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে। মাঝে মাঝে বানর ও হনুমানের লাফালাফির দৃশ্যও চোখে পড়ে। চারদিকে সবুজ পাহাড়। পাশাপাশি উঁচু উঁচু টিলা। সমতল চা বাগানে গাছের সারি। হয়তো এরই মাঝে একঝাঁক পাখি অতিথিদের আমন্ত্রণ জানাবে তাদের সুরের মুর্চ্ছনা দিয়ে। পাহাড়ী পাখির গান আর নৃত্য ছাড়াও দেখা যায় নানান প্রজাতির বন্যপ্রাণী।

মাধবপুর লেইক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্তিত লেইকটি খুবই চমৎকার।
প্রতিদিনই দেশী বিদেশী পর্যটকরা আসছেন মাধবপুর লেকে। শত শত বিনোদন প্রিয় পর্যটকদের পদভারে পুরো বছরই মুখরিত থাকে লেইকটি। লেকে প্রতিদিন সকাল থেকে বিকেল প্রকৃতি ও ভ্রমণ বিলাসির উপচেপড়া ভিড়ে এক মিলনমেলায় পরিণত হয়।

সিলেট থেকে আসা পর্যটক জুবায়ের আহমদ জানান, মাধকপুর লেইক দেখতে ছুটে এসেছি, এখানে খুব ভালো লাগছে। অফিসের সকল সদস্যদের নিয়ে এসেছি। সারাদিন সবাইকে নিয়ে ঘুরবো।
মৌলভীবাজার থেকে আসা আশরাফুল ইসলাম জানান, এখানে অপরূপ এক সৌন্দর্য। কিন্তু পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এখানে কোনো পর্যাপ্ত নিরাপত্তা নেই, নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো ভালো রেস্টুরেন্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকমত তদারকি করলে মাধবপুর লেকে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে আরোও জনপ্রিয় হয়ে উঠতে পারে।
শীতের আমেজ শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে মৌলভীবাজারের লাউয়াছড়া, মাধবকুন্ড, চা বাগানসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ততার জীবনে একটু সবুজের প্রশান্তি পেতেই যেনো মানুষ ছুটে যাচ্ছেন সেখানে। আর দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণ ঘটছে বিগ্ন।



মন্তব্য করুন