বুদ্ধিমন্তপুরে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ফুটবল টুর্ণামেন্ট

February 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বুদ্ধিমন্তপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমান ও তার পরিবারবর্গের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে হাজী সহিদুর রহমান স্মৃতি আমন্ত্রন মূলক ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দেশের সুনামধন্য ৮টি দল অংশ গ্রহন করবে।
২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বুদ্ধিমন্তপুর মাঠে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশন ও বুদ্ধিমন্তপুর সমাজ কল্যান সংস্থার সহযোগীতায় আমন্ত্রন মূলক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পরিচালনা কমিটির আহবায়ক কনকপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সহ-সভাপিত এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা ফুটবল

 

এসোসিয়েশন সভাপতি মোঃ আকতারুজ্জামান, প্রবাসী পৃষ্ঠপোষক আশফাকুর রহমান কয়েছ। উদ্বোধনী খেলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশের মুখোমুখি হয় হবিগঞ্জের ব্যারিষ্টার সাইফুল হক সুমন একাদশ। ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠের চারিপাশ ভরে উঠে। আক্রমন আর পাল্টা আক্রমনে প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় আর্ধে বিয়ানীবাজারের পক্ষে প্রথম গোলটি করেন মনসুর। এরপর আরো দুটি গোল বিয়ানীবাজার উপজেলা দলের বিজয় নিশ্চিত করে। রবিবার বিকেলে মৌলভীবাজার সিটি ক্লাবের মুখোমুখি হবে হবিগঞ্জের ইনাতগঞ্জ জাগ্রত যুব সংঘ। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন খেলাধূলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব। আর পৌর মেয়র বলেন পৃষ্ঠপোষকতার অভাবে সব সময় খেলাধূলার আয়োজন করা সম্ভব হয় না। তাই এই ধরনের আয়োজনে পৃষ্ঠপোষকতা করায় প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com