মৌলভীবাজার পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভীড়

স্টাফ রিপোর্টার॥ পাসপোর্ট সেবা সপ্তাহেসেবাগ্রহীতাদের ভীড় জমেছে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে আগের তুলনায় ভিন্ন চিত্র চোখে ধরা পড়ে।
যেখানে মাসখানেক আগে অফিসের গেইটের আশেপাশে দালালচক্রের ভীড় ছিলো, সেবাগ্রহীতাদের নানা অভিযোগ ছিলো, আজ সেখানে দালালমুক্ত পরিবেশে সবাইকে শান্তি-শৃঙ্খলার সাথে পাসপোর্ট সেবা নিতে দেখা গেছে।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সেবাগ্রহীতাদের ভীড় দেখা গেছে। এসময় এক পাসপোর্ট সেবাগ্রহীতা জুড়ি উপজেলার ফারহানা আক্তার বলেন, গত সপ্তাহে এসে খুব কষ্টে ফরম জমা দিয়েছিলাম, কিন্তু আজ খুব শান্তিতে ফিঙ্গার দিতে পেরেছি, আজ আনসার সদস্যরাও কোনো বাজে আচরণ করেনি।

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে নবনির্মিত মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে অফিসের ভেতর ও বাহিরের পরিবেশ। দালাল ও হয়রানি মুক্ত সেবা সপ্তাহ উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় রয়েছেন।
দুপুরে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আফজাল হোসেনের কক্ষে গিয়ে দেখা যায়, তিনি সিসিটিভি ফুটেজ দেখে গোটা অফিসের কার্যক্রম সার্বক্ষণিক তত্বাবধান করছেন। তিনি বলেন, শুধু পাসপোর্ট সেবা সপ্তাহ নয়, সারা বছরই এভাবে সন্তোষজনক সেবা প্রদানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।



মন্তব্য করুন