মৌলভীবাজারে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥“তুমি এসো ফসলের ডাকে বটের ঝুড়ির ফাঁকে…” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে। বর্ষবিদায় ১৪২৩ ও বর্ষবরণ ১৪২৪ উদযাপন।
১৩ এপ্রিল বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বাঙলার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে দু’দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন বীরঙ্গনা প্রভা রানী মালাকার। এ সময় তিনি জঙ্গীবাদ, মৌলবাদমুক্ত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দু’দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধন শেষে বাঙলার উৎসব উদযাপন পরিষদের আহবায়ক জহর লাল দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি এড. মকবুল হোসেন, প্রাবন্ধিক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, জেলা সিপিবি সম্পাদক নিলিমেষ ঘোষ বুলু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এড. ডাডলি ডারিক প্রেন্টিস, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সঙ্গীত শিল্পী মীর ইউসুফ ও মিটন দেবনাথ। আলোচনা সভা শেষে হাজার বছরের ঐতিহ্যের ১৪২৪ উদ্যাপন উপলক্ষে বাঙলার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে প্রকাশিত “চৈতালী” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সবশেষে উদীচী শিল্পীগোষ্ঠী, ধ্রুবতারা ললিতকলা একাডেমি, সাংস্কৃতিক ইউনিয়ন, রাগরঙ, উত্তরণ খেলাঘর আসর, নূপুর নিক্কন, সমীকরণ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পর্যন্ত চলা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর, আবাল, বৃদ্ধ, বণিতার আগমন ঘটে। বিভিন্ন শ্রেণি পেশার লোকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বাঙালির মিলনমেলায় পরিণত হয়।
এদিকে বাঙলার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আজ শুক্রবার বর্ষবরণ উপলক্ষে সকাল ৭টায় আবাহন, সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা ও সকাল সাড়ে ৯টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।



মন্তব্য করুন