মাইন বিস্ফোরণে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা

ওমর ফারুক নাঈম॥ দিনটি ১৯৭১ সালের ২০ ডিসেম্বর। এই দিনে মুক্তিযোদ্ধারা বাড়ী ফিরতে জড়ো হন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। হঠাৎ মাইন বিস্ফোরণ। পাক হানাদার বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এই বিস্ফোরণে মারা যান ২৪ জন মুক্তিযোদ্ধা। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী। তাদের স্মৃতিকে অমর করে রাখতে বিদ্যালয় মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ।
মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জানা যায়, ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা (তৎকালীন মহকুমা) শক্রমুক্ত হয়। তৎকালীন মহকুমা প্রশাসক কার্যালয়ের সামনে উড়ানো হয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। এরপর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, গোলা বারুদ, গ্রেনেডসহ বিভিন্ন ধরনের জীবননাশী সরঞ্জাম লোকালয় ও ক্যাম্প থেকে কুঁড়িয়ে মৌলভীবাজার সরকারী স্কুলের একটি কক্ষে এনে জমা করছিলেন।
২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে দুটি যানবাহনে করে বেশ কিছু সমর সরঞ্জাম নিয়ে আসেন মুক্তিযোদ্ধারা। এই সব কার্যক্রমে ব্যস্ত মুক্তিযোদ্ধারা। তাদের কার্যক্রম দেখাশুনা করে শহরের চৌমোহনা এলাকার দিকে আসার পর বিস্ফোরনে কেঁপে উঠে ঐ এলাকা। স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া মাইন বিস্ফোরনে তখন ২৪ জন মুক্তিযোদ্ধা প্রাণ হারান।
এই ভয়াল বিস্ফোরণে যারা শহীদ হয়েছিলেন তারা হলেন, সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানূর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহীম মিয়া, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুন দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দ লাল বাউরী, সমীর চন্দ্র সেন, কাজল পাল, হিমাংশু পাল, জিতেশ চন্দ্র দেব, আব্দুল আলী, নূরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরনী দেব ও নরেশ চন্দ্র ধর।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, ২০ ডিসেম্বরকে মৌলভীবাজারবাসী স্থানীয় শহীদ দিবস হিসাবে দীর্ঘ দিন ধরে পালন করে আসছে। সরকারী স্কুল মাঠ প্রাঙ্গনে মুসলমানদের গনকবর দেওয়া হয় এবং হিন্দুদের দাহ করা হয়। তাদের সম্মানেই এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল।
আজ বুধবার ২০ ডিসেম্বর সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজারের সর্বস্থরের জনসাধারণ। প্রতি বছর দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন। দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ ২৪ জন মুক্তিযোদ্ধার নাম ফলকের সামনে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
পরে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া শহীদদের স্বরনে স্মৃতিচারন, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।



মন্তব্য করুন