কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র প্রত্যাহার

February 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২৭ ফেব্রুয়ারী বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য ও শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল গফুর জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াল তিনে। তিনি বলেন, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আব্দুল আহাদ মিনার।
দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ মার্চ কমলগঞ্জ উপজেলা পরিষদের পঞ্চম নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com