মৌলভীবাজারে হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

March 4, 2019,

বিকুল চক্রবর্তী॥ হত্যা মামলার এক আসামীকে যাবজ্জীবন সাজা ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।  ৪ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই রায় দেন জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের।

মৌলভীবাজার জজ কোটের পিপি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান জানান, জেলার কমলগঞ্জ উপজেলার কানাইদাসী গ্রামের জসীম উদ্দিন (২০) পেশায় একজন রাজমিস্ত্রীর যোগান দাতা হিসেবে কাজ করতেন। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি  তিনি একই গ্রামের সাব্বির মিয়ার অধীনের কাজ ছেড়ে অন্যজনের সাথে কাজে যোগ দেন। এ ঘটনায় রাজমিস্ত্রী এবং যোগানদাতার মাঝে বাড়ির পাশে তর্ক বিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জসীমের মাথায় আঘাত করে। সাথে সাথে আহতবস্থায় জসিমকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পিতা ইয়াছিন মিয়া (৫০) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার শুনানী, সাক্ষ্য ও আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাজমিস্ত্রী সাব্বির এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রমানিত হওয়ায় আদালত একমাত্র আসামীকে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা জরিমানার রায় দেন। রায় ঘোষণার সময় আসামী জেল হাজতে ছিলেন।

মৌলভীবাজার জজ কোর্টের পিপি এএসএম আজাদুর রহমান বাদী পক্ষে মামলা পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com