প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাউর রহমান টিপুর মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ হাফিয আলাউর রহমান টিপু।
৬ মার্চ বুধবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা আল ইসলাহর উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিয আলাউর রহমান টিপু বলেন, বিগত ৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। সব সময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। উপজেলায় ভাইস চেয়ারম্যানের তহবিলে যা বরাদ্দ এসেছে সবটুকুই আমি জনগনের স্বার্থে ব্যবহার করেছি।
আমার জানামতে সরকারি এক টাকারও কোন তছরুপ করিনি। সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল ও আমার সংগঠনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এবারও আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি নির্বাচনী কাজে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, শহর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফারসহ তালামীযে ইসলামিয়া ও আল ইসলাহর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন