৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক আজাদ ও বৃটেন প্রবাসী মনি বেগম

March 31, 2019,

স্টাফ রিপোর্টার॥ সাংবাদিক আজাদুর রহমান আজাদকে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মৌলভীবাজার জেলা যুগ্ম জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক। পত্রিকায় প্যাথলজিকেল রিপোর্টে ভূল রিপোর্ট দেয়া সহ চিকিৎসক ও টেকশিয়ানের যোগ্যতা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে দি ইউনাইটেড কমপ্যাথ এন্ড মেডিকেল সার্ভিসেস এর ম্যানেজিং পার্টনার চৌধুরী খোশ জেবীন ব্যবসায়ীক সুনামের ক্ষতিপূরণ চেয়ে ২০০৮ সালের ৭ মে তারিখে বৃটেন প্রবাসী মনি বেগম ও সাংবাদিক আজাদুর রহমান আজাদকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক মামলা থেকে এ দুইজনকে অব্যাহতি দেন।
মামলার বিবরণে জানা যায়, মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কস্থ কয়ছর মঞ্জিলে বসবাসরত শিক্ষিকা রুজি বেগমের বৃটেন প্রবাসী বোন মনি বেগম ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারী ডাঃ অলক রঞ্জন দাশের ব্যবস্থাপত্র নিয়ে ইউনাইটেড কমপ্যাথে ডায়েবেটিস পরীক্ষা করান। রিপোর্ট আসে ২০৫ এমজি (ডায়াবেটিস রিজাল্ট)। ডাক্তার অলক রঞ্জন রিপোর্ট দেখে রোগীর ডায়াবেটিস সনাক্ত করে তাকে ঢাকা ডায়াবেটিস হাসপাতালে রেফার করেন। রোগী সেখানে না গিয়ে ১৯/০২/০৮ ইং মৌলভীবাজার পালস ডায়াগনষ্টিক সেন্টারে আবার পরীক্ষা করান। রিপোর্ট আসে ১৫৫ এমজি (ডায়াবেটিস রিজাল্ট)। দুটি রিপোর্টে তফাৎ হওয়ায় রোগীনীর সন্দেহ হলে তিনি ইউনাইটেড কমপ্যাথে গিয়ে রিপোর্টের কথা জানান। ইউনাইটেড কর্তৃপক্ষ রোগীনীকে পরের দিন এসে তাদের প্রতিষ্ঠানে আরেকটি পরীক্ষা করার অনুরোধ করেন। ওই দিন ২১/০২/০৮ ইং পরীক্ষার রিপোর্ট আসে ২৪৫ এমজি (ডায়াবেটিস রিজাল্ট)। অর্থাৎ প্রথম দিন থেকে ৪০ এমজি বেশি। তখন ইউনাইটেড কর্তৃপক্ষ বলে আমাদের প্রতিষ্ঠানের রিপোর্টই সঠিক। অন্য প্রতিষ্ঠান কি রিপোর্ট দিয়েছে সেটা আমাদের জানার বিষয় নয়। রোগীনীর সন্দেহ আরও ঘনিভূত হয়। তিনি হাল ছাড়লেন না। ছুটে গেলেন ২৪/০২/০৮ ইং সিলেট পপুলার মেডিকেল সেন্টারে। সেখানে পরীক্ষা করানোর পর রিপোর্ট আসে ৭.৬ এমজি। এরপর রোগীনী ০৬/০৩/০৮ ইং মৌলভীবাজার ডায়েবেটিস সেন্টারে পরীক্ষা করান সেখানেও রিপোর্ট আসে ৭.৬ এমজি। অবশেষে রোগীনী মনি বেগম বুঝতে পারেন তিনি একজন সুস্থ মানুষ। তাকে ভুল পরীক্ষা করে ডায়েবেটিস রোগীতে রুপান্তরিত করা হয়েছে। একজন সচেতন মানুষ হিসেবে এর প্রতিবাদ করা জরুরী। তাই তিনি মৌলভীবাজার সিভিল সার্জন বরাবরে ১৩/০৪/০৮ ইং একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন ৪ টি প্রতিষ্ঠানে ডায়েবেটিস পরীক্ষা করান এর মধ্যে একমাত্র ইউনাইটেড কমপ্যাথের রিপোর্টে মাত্রাতিরিক্ত ডায়েবেটিস সনাক্ত হয়। অথচ অন্য ৩টি প্রতিষ্ঠানে ডায়েবেটিস চিহ্নিত হয়নি। এতে আমার সন্দেহ হয় ইউনাইটেড কমপ্যাথের টেকনিশিয়ান ও পরীক্ষার মেশিনারিজের মধ্যে ত্রুটি থাকতে পারে। তাই আমার আবেদন জেলার একজন দায়িত্ববান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটি সুষ্ঠু তদন্ত করে বিহিত ব্যবস্থা নিন। যাতে আমার মত আর কোন মানুষ ভবিষ্যতে স্বাস্থ্য সেবার নামে হয়রানির শিকার না হয়।
মনি বেগম অভিযোগ পত্রের অনুলিপি মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলার কর্মরত সাংবাদিকদের কাছেও পাঠান। এরপর বিষয়টি দৈনিক সংগ্রাম ও শ্রীমঙ্গল পরিক্রমা সহ অন্যান্য পত্রিকার ছাপা হয় ২০০৮ সালের এপ্রিল মাসে।
এতে ক্ষুদ্ব হয়ে ইউনাইটেড কমপ্যাথ কর্তৃপক্ষ তাদের ব্যবসায়ীক সুনামের ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা এবং চিকিৎসক ও টেকশিয়ানের যোগ্যতা সম্পর্কে কটাক্ষ করে সংবাদ ছাপা হওয়ায় পেশাগত ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি টাকা মোট ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার দাবী নিয়ে ২০০৮ সালের মে মাসে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা দায়ের করেন মামলা নং ০২/২০০৮ইং। মামলার আসামী করা হয় বৃটেন প্রবাসী মনি বেগম ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আজাদুর রহমান আজাদ।
দীর্ঘ ১০ বছর ৪ মাস মামলার বিভিন্ন পর্যায়ে শুনানি চলে। অবশেষে ৫ কোটি টাকা দাবীর এ মামলার রায় হয়। রায়ে ১ নং বিবাদী বৃটেন প্রবাসী মনি বেগম ও ২ নং বিবাদী দৈনিক সংগ্রামের মৌলভীবাজার জেলা সংবাদদাতা আজাদুর রহমান আজাদের বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর তারিখ খারিজের আদেশ দেন মৌলভীবাজার জেলা যুগ্ম জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সিরাজ উদ্দিন ইকবাল।
মামলার আদেশে বিজ্ঞ বিচারক বলেন, যেহেতু ইউনাইটেড কমপ্যাথ একটি আনরেজিষ্টার্ড পার্টনারসিপ ফার্ম। অতএব আনরেজিষ্টার্ড ফার্ম হিসেবে এবং মামলা দায়েরকারীর নাম অংশীদার হিসেবে ফার্মের রেজিষ্টারে না থাকলে প্রতিষ্ঠানের পক্ষে ৩য় পক্ষের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা যাবে না ১৯৩২ সালের ৬৯ (২) এর ধারার বিধান অনুযায়ী। এবং দৈনিক সংগ্রামে যে রিপোর্ট প্রকাশ হয়েছে তা পর্যালোচনায় দেখা যায় রিপোর্টে বাদি প্রতিষ্ঠানের বিষয়ে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা ১ নং বিবাদী মনি বেগমের সিভিল সার্জনের কাছে দেয়া অভিযোগের বরাতে প্রকাশিত হয়েছে। ইহা সংবাদদাতার নিজস্ব কোন বক্তব্য নয় অভিযোগের বক্তব্য।
সরকারী কর্তৃপক্ষের নিকট দাখিলকৃত অভিযোগের তথ্যাবলী উল্লেখ পূর্বক সংবাদ প্রেরনের কারণে ইউনাইটেড কমপ্যাথের সুনাম ক্ষুন্ন হওয়ার কারণ গ্রহন যোগ্য নয়। এবং তৎ কারণে ২ নং বিবাদী সংবাদদাতার বিরুদ্ধে মামলা দায়েরের ও কোন কারণ নেই। এছাড়া পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট রিপোর্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক সমানভাবে দায়ী থাকেন। পত্রিকায় প্রকাশিত সংবাদে সংক্ষুব্দ হয়ে কেউ মামলা দায়ের করলে সংশ্লিষ্ট রিপোর্টার সম্পাদক ও প্রকাশককে মামলায় পক্ষ করতে হয় কিন্তু এই মামলায় বাদী শুধুমাত্র সংবাদদাতাকে পক্ষভোক্ত করেছেন। প্রয়োজনীয় পক্ষকে বিবাদী শ্রেণীভুক্ত না করায় এ মামলা পক্ষ দোষে দুষ্ট।
এছাড়া আদালত তার রায়ে আরও বলেন সিভিল সার্জন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সরকারী কর্মকর্তা। কোন নাগরিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত অনিয়ম ও অভিযোগের বিষয়ে সিভিল সার্জনের কাছে অভিযোগ করতে পারেন এবং তিনি তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সিভিল সার্জনের কাছে অভিযোগ কোন বেআইনী বিষয় নয় তার কাছে অভিযোগ করাই যথোপযুক্ত এবং তিনি অভিযোগ গ্রহনের উপযুক্ত কর্তৃপক্ষ। সুতরাং সরকারী উপযুক্ত কর্তৃপক্ষের নিকট ১ নং বিবাদী মনি বেগম অভিযোগ দাখিলের মাধ্যমে বাদী প্রতিষ্ঠান এবং তার অংশীদার ও কর্মরত ব্যক্তিবর্গের মানসম্মান ও সুনামহানীর কোন কারণ থাকতে পারে না। রায়ের ৭টি বিচার্য বিষয়ই বাদীর প্রতিকুলে নিষ্পত্তি হয়েছে।
মামলার বিবাদী পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল ও বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট রমাকান্ত দাস গুপ্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com