ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে: বন মন্ত্রী

মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে ফায়ার সার্ভিসের সক্ষমতা,শক্তি ও জনবল আরো বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোর নামের জুতার দোকানে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেন-অগ্নিকান্ডে পাঁচজন নিহত হওয়াটা দু:খজনক। এই রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
মন্ত্রী বলেন, এই পরিবারটি শহীদ পরিবার কিন্তু তারা স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চপর্যায়ে। পরে ভয়াবহ অগ্নিকান্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে একলক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন