জেলার ৭টি ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর : ৬০ লক্ষ টাকা জরিমানা

February 12, 2020,

আশরাফ আলী: পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরী না করা ও পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকায় মৌলভীবাজারে দুই দিনে ৭টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে ইট ভাটা মালিককে করা হয়েছে ৬০ লক্ষ টাকা জরিমানা।

মঙ্গলবার ও বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে রাজনগর, কুলাউড়া ও জুড়ী উপজেলায় এ অভিযান চালানো হয়।

বুধবার দুপুরে জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান গুলশান আরা মিলির মালিকাধীন এমকো ব্রিকস, বাবু মিয়ার মালিকানাধীন বাবু ব্রিকস ও তাদের মধ্যখানে বন্ধ একটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এমকো ব্রিকস ও বাবু ব্রিকস কে ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার ব্রিকসে অভিযান চালানো হয়। পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরি না করায় উক্ত ভাটার চুলা ভেঙে প্রস্তুতকৃত ইট গুড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ওই ইট ভাটার মালিক উপস্থিত না থাকায় তাকে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

ঐ দিন একই ইউনিয়নের কর্ণিগ্রাম এলাকায় অবস্থিত এস কে ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালানো হয়। নিয়ম না মেনে কাঠ পোড়ানো ও পরিবেশবান্ধব চুলা না থাকার অভিযোগে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ২ লাখ টাকা আদায় করে বাকি টাকা পরিশোধে সময় দেওয়া হয়।

এরপর একই ইউনিয়নের এম আর ব্রিকস নামে আরেকটি ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার চুলা ভেঙে দেয়া হয়। সর্বশেষ কুলাউড়া উপজেলার খান ব্রিকসে অভিযান চালিয়ে চুল্লিগুলো গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবশে অধিপ্তরের মৌলভীবাজারের ইন্সপেক্টর ফখর উদ্দিন চৌধুরী, সিলেটের জুনিয়র কেমিস্ট সানোয়ার হোসেন সহ এপিবিএন এর সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com