মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই হবে’

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন-মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই হবে। তিনি বলেন-‘এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের এ দাবিটি বাস্তবায়নে আমরা কাজ করছি, নেতৃবৃন্দ কাজ করছেন।’
মন্ত্রী ২২ ফেব্রুয়ারী শনিবার মৌলভীবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘শিক্ষার বিকল্প শিক্ষাই। ছাত্রছাত্রীদের লেখাপাড়া করে জ্ঞানার্জন করতে হবে। একটি মেধাবী-শিক্ষিত ও দেশপ্রেমিক জাতি গঠনের বিকল্প নেই।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব বাংলাদেশকে রোলমডেল হিসেবে দেখছে। তবে উন্নতির শিখরে যেতে হলে লেখাপড়া করে জ্ঞানার্জন করতে হবে। কারণ শিক্ষা হচ্ছে দেহ ও মনের উন্নতির প্রধান উপকরণ। যে কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস মিস করা যাবেনা।’



মন্তব্য করুন