কুলাউড়ায় শিক্ষকের মোটর সাইকেল চুরি

November 15, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় মোহাম্মদ মাহমুদুর রহমান কবির (৪৩) নামে এক স্কুল শিক্ষকের ব্যবহৃত মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনি কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য পৌর শহরের আলালপুর জামে মসজিদে নামাজ পড়তে মোটরসাইকেল নিয়ে যান উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর শহরের উছলাপাড়া এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান কবির। নামাজ শেষে বের হয়ে দেখেন মসজিদের সামনে রাখা তাঁর ব্যবহৃত ‘ফ্যাশন প্রো ১০০ সিসি মোটর সাইকেলটি’ নেই। অনেক সময় খোঁজাখুঁজি করে তিনি আর সাইকেলের কোন সন্ধান পাননি। তাৎক্ষণিক তিনি কুলাউড়া থানায় ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদর্শন রাম মালাকারের ব্যবহৃত ‘হিরো ফ্যাশন প্রো’ মোটরসাইকেলটিও গত ৮ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে দিনদুপুরে চুরি হয়। কিন্তুু আজও অবধি আর সাইকেলটি উদ্ধার করা হয়নি।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে। এর আগেও কুলাউড়া থেকে চুরি হওয়া দুইটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com