কুলাউড়ায় ১৫ বছর পর ৪ দিনব্যাপী বিজয় মেলা, উচ্ছ্বাস

December 15, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুলাউড়ায় ৪ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে সোমবার ১৩ ডিসেম্বর রাত ৭টা টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের বিজয় মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্যে মীর নাহিদ আহসান পৌরসভার বিজয় মেলার আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। তাই আজ মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধের স্বপক্ষে তরুণ সমাজকে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে রয়েছে। এ ধারাবাহিকতা রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের যার যার অবস্থান থেকে সমন্বয় করে দায়িত্ব পালন করে যেতে হবে।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, যুক্তরাষ্ট্রের শিকাগো’র অনারারি কন্সুলার মনির চৌধুরী, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মবশ্বীর আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লাসহ পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সরেজমিন দেখা যায়, দীর্ঘ দেড় যুগ পর বিজয় মেলা আয়োজনে কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গন ছাড়া বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিনই কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে শত শত লোক মেলা প্রাঙ্গণে ভীড় জমাচ্ছেন। মেলা দেখতে আসা সাংবাদিক এম মছব্বির আলী ও সাংস্কৃতিক কর্মী সিরাজুল আলম জুবেল, নান্টু দাস, শাহ সুমন, একেএম জাবের বলেন, মেলা একটি ঐতিহ্যে। প্রায় ১৫ বছর আগে কুলাউড়ায় মেলা হয়েছিল। দীর্ঘদিন পর পৌরসভার আয়োজনে এবার বিজয় মেলা হওয়াতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। সত্যিকার অর্থে করোনা কালীন সময়ের মধ্যেও কুলাউড়াবাসী এই মেলার মাধ্যমে একটা প্রাণ ফিরে পেয়েছে। আমরা সবসময় এমন ব্যতিক্রমী আয়োজন চাই।
আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলা চলবে। বঙ্গবন্ধু উদ্যানে মেলার স্টল ও বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ রয়েছে। মঞ্চে প্রতিদিন স্থানীয় উদীচী শিল্পীসহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মেলায় ৩০ টি স্টল বরাদ্দ করা হয়েছে। চারদিনব্যাপী মেলায় রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য। বিশেষ করে বিজয় মেলার শেষ দিনে বিজয়ের উৎসবে গান করতে আসছে চ্যানেল আইয়ের শিল্পী সাদিয়া সুলতানা লিজা ও “আমি তো ভালা না ভালা লইয়া থাইকো” গানের কণ্ঠ শিল্পী কামরুজ্জামান রাব্বি।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, বিজয় মেলা আয়োজনের খবরে সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আশা করছি। আগামীতেও পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে এরকম আয়োজনের উদ্যাগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com