দীর্ঘ দুই বছরেও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হয়নি

December 18, 2021,

কুলাউড়া প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের পর দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে চলছে দলীয় কার্যক্রম। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদ প্রত্যাশী বিভিন্ন নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ নভেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সম্মেলন থেকে রফিকুল ইসলাম রেনুকে সভাপতি, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে সহ-সভাপতি, আসম কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং আব্দুল মুক্তাদির তোফায়েলকে নির্বাহী সদস্য মনোনীত করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটির জন্য তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। তালিকায় ত্রুটি থাকায় কমিটি পূর্ণাঙ্গ হতে বিলম্ব হচ্ছে।

এদিকে, সম্মেলনের দুই বছর পার হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অতি দ্রুত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান জানান, এতদিন করোনা ও নির্বাচনের কারণে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। আশা করছি, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি আমরা দিতে পারব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com