কুলাউড়ায় হাকালুকি হাওরে জলবায়ু পরিবর্তনে ইবিএ প্রকল্পের পরামর্শ সভা

এইচ ডি রুবেল॥ কুলাউড়া পরিবেশ অধিদপ্তরের আয়োজনে হাকালুকি হাওরে ইকোসিস্টেম ভিত্তিক (ইবিএ) প্রকল্পের এক কারিগরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরে ইবিএ প্রকল্পের আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা ও সাবেক সচিব ড. জহুরুল করিম বলেন, যেখানে উন্নয়ন হয়েছে, সেখানেই সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি হয়েছে। পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে মৌলভীবাজারে। এজন্য প্রকল্পের জন্য এ জেলাকেই বেছে নেয়া হয়েছে।
আরও বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী।
আলোচনায় অংশ নেন প্রকল্পের সহকারী পরিচালক, প্রজেক্ট সমন্বয়কারি বদরুল হুদা, স্থানীয় কারিগরী উপদেষ্টা মো. জাহাঙ্গীর, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শাহিদ আল শাহিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা প্রমুখ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী জানান, এ প্রকল্প বরেন্দ্র অঞ্চল ও হাকালুকি হাওরে বাস্তবায়ন হবে। ৪ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪২ কোটি টাকা। হাকালুকি হাওর তীরের মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে। এতে ৬টি বিল খনন করে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। হাওরের সাথে সংযুক্ত ৩টি নদী খনন, ১৮টি পুকুর খনন ও সোয়াম ফরেস্ট (জলাবন) গড়ে তোলা হবে।
মূলত হাওরের উদ্ভিদ, মাছ ও প্রাণীর আবাসস্থল সংরক্ষণ ও খাদ্যের যোগান বৃদ্ধি, হাওরের জলজবন ব্যবস্থাপনা করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। টেকসই কৃষি এবং বন ব্যবস্থাপনা করা এবং হাওর তীরের দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা শক্তিশালী করা।
সভায় কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন