কুলাউড়ার মাগুরা এলাকা থেকে জাল টাকাসহ গ্রেফতার ১

February 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫ ‘শ টাকার জাল নোটসহ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার মাগুরা গ্রামে অভিযান চালিয়ে জনৈক আব্দুর রহমান এর বাগান বাড়ীর ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে জাল টাকার কারবারী কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করেন। কামরুল ইসলামের দেহ তল্লাশী করে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি জাল নোটসহ সর্বমোট ৫,৫০০ টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম পার্শ্ববর্তী জুড়ী থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকার অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন জাল টাকা কারবারি কামরুল ইসলাম জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের সাথে প্রতারণা করে আসছিলো। আমরা তা জানতে পেরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার একটি চৌকস দল ৫,৫০০ টাকার জাল নোট সহ কামরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com