কুলাউড়ায় ১৭ হাজার মানুষকে দেয়া হবে করোনার টিকা

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপি ১ কোটি মানুষের মাঝে কোভিড প্রতিরোধী গণটিকা কর্মসূচি সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ১৮ বছরের ঊর্ধ্বের উপজেলার ১৭ হাজার মানুষের মধ্যে কোভিড প্রতিরোধী টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঐদিন প্রতি ইউনিয়নের পুরাতন ৩ ওয়ার্ডের টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতি ইউনিয়নের ৩৫০ জনকে ‘কোভিড প্রতিরোধী টিকার ১ম ডোজ’ প্রদান করা হবে। সাথে ১টি করে উন্নতমানের মাস্ক বিতরণ করা হবে।
টিকা গ্রহণকারীদের কোনো ধরনের সনদ ছাড়া শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করা হবে বলে জানান ইউএনও।
তিনি গণটিকা কর্মসূচি সফল করার জন্য আগামী শুক্রবার ২৫ ফেব্রুয়ারি উপজেলার সকল মসজিদে প্রচারের জন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণসহ ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্ব-স্ব অবস্থান থেকে ব্যাপক প্রচার-প্রচারণার আহবান জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। গণটিকা কর্মসূচি সফলে শতভাগ বাস্তবায়নের আহবান জানিয়ে বক্তব্য রাখেন- কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, মমদুদ হোসেন, আজিজুর রহমান মনির, আব্দুল মালিক, আব্দুর রব মাহবুব ও মুহিবুল ইসলাম আজাদ, কুলাউড়া ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আব্দুর রকিব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, আদিবাসী নেত্রী বাবলি তালাং, উপজেলা যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।



মন্তব্য করুন