কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে-সুলতান মনসুর

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এবারের বন্যাকে স্মরণকালের বন্যা উল্লেখ করে তিনি বলেন, কুলাউড়া উপজেলা পরিষদ এলাকাসহ পৌরসভার একাংশ, ভূকশিমইল, ভাটেরা, বরমচাল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়নে দীর্ঘসময়ের বন্যার পানিতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। তবে বন্যা শুরুর পর থেকে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে বন্যার্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ও খাবার সরবরাহ করা হয়েছে।
তিনি কুলাউড়াকে স্থায়ীভাবে বন্যামুক্ত করার পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে তার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
শনিবার রাতে কুলাউড়া শহরের এমপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুলতান মনসুর আরও বলেন, বিরোধিতা এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও সমালোচনা করা হচ্ছে। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ।
তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশে যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করে পরিস্থিতির উন্নতি করতে হবে। সুলতান মনসুর সাংবাদিকদের কুলাউড়ার বন্যার সঠিক তথ্য ও ক্ষতিগ্রস্ত মানুষের চিত্র গণমাধ্যমে তোলে ধরার আহবান জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে সঠিক তথ্য উঠে আসলে কুলাউড়াবাসী উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।



মন্তব্য করুন