কমলগঞ্জে একটি লজ্জাবতী বানর উদ্ধার ও অবমুক্ত

July 12, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সোমবার দুপুর ১২টার দিকে এটি উদ্ধার করা হয়। প্রায় একমাস পূর্বে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন এলাকায় অবমুক্ত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাসুক মিয়া একটি লজ্জাবতী বানর বাড়ির আঙ্গিনায় দেখতে পেয়ে বানরটিকে ধরে পিঞ্জিরায় আটকে রাখেন। খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুপুর ১২টায় বানরটিকে উদ্ধার করেন। বানরটি অসুস্থ থাকায় এটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরে দুপুর ১টার দিকে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর কুরমা বনবিটের কলাবন এলাকায় অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামসহ কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি অসুস্থ এবং খুবই দুর্বল ছিল। বানরটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলেই বানরটিকে বনে অবমুক্ত করা হবে। এদিকে ১মাস পূর্বে চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর সাংবাদিকদের উপস্থিতিতে কুরমা বনবিটের কলাবন বন এলাকায় অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com