কালভার্ট ভেঙ্গে সড়কে ময়লা পানি

August 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা এলাকার একটি কালভার্ট ভেঙ্গে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন এলাকার বাসা বাড়ির পয় নিষ্কাশনের ময়লা পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শমশেরনগর এলাকায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করছে। এ পথে ভারতীয় জ্বালানি তেলের বহর যাবে বলে সহজে সড়ক জনপথ বিভাগ আপাতত কালভার্টটি ভেঙ্গে নতুন কালভার্ট করছে না বলে সড়ক জনপথ বিভাগ জানায়।
কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাতলাপুর সড়কের মুখে একটি কালভার্ট ভেঙ্গে পানি প্রবাহ বন্ধ হওয়ায় এখন বাসা বাড়ির পয়নিষ্কাশনের ময়লা পানি রাস্তার ওপর দিয়ে পুলিশর ফাঁড়ির সামন দিয়ে কুলাউড়া সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, মানুষজন ,যানবাহন ময়লা পানি অতিক্রম করে চলাচল করছেন।
সরেজমিন দেখা যায়,শমশেরনগর চৌমুহনা এলাকায় চাতলাপুর সড়কের মুখে আড়াআড়ি একটি কালভার্ট রয়েছে। শমশেরনগর বাগান সড়ক ও চাতলাপুর সড়ক থেকে বিভিন্ন বাসা বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের পয় নিষ্কাশনের পানি এ নালা দিয়ে এসে পুলিশ ফাঁড়ির সামনে একটি বড় কালভার্টে পড়ে। তবে প্রায় ২ বছর আগে একবার এ কালভার্ট ভেঙ্গে গেলে সড়ক জনপথ বিভাগ কালভার্টের দক্ষিণ দিকে ভাঙ্গা অংশে লোহার ¯ে¬ভ (পাত) স্থাপন করেছিল। এ পথে অতিরিক্ত যানবাহন চলাচলে প্রায় ৮ মাস ধরে কালভার্টের উত্তর দিকের বেশ কিছু অংশ ভেঙ্গে নালার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এরপর থেকে দুটি নালার ময়লা পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শমশেরনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, কালভার্টটি মেরামতে সড়ক জনপথ বিভাগ কোন সিদ্ধান্ত নিচ্ছেন বলে মনে হয় না। ফলে প্রতিদিন তারা এ ময়লা পানি অতিক্রম করেই দোকানে আসছেন ও বাড়ি ফিরছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মোশারফ হোসেন বলেন, এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সড়ক জনপথ বিভাগের কর্মকর্তাদের কয়েকবার বললেও কালভার্ট মেরামতে কোন উদ্যোগ নেননি।
সড়ক জনপথ বিভাগ মৌলভীবাজারের সহকারি প্রকৌশলী আরিফুর রহমান বলেন, এখানে নতুন করে কালভার্ট নির্মাণের চেষ্টা করছেন। তবে ২৫ আগষ্ট বৃহস্পতিবার থেকে এ পথে ভারত থেকে তামাবিল সীমান্ত দিয়ে আসা ভারতীয় জ্বালানির গাড়ির বহর ভারতের ত্রিপুরায় প্রবেশ করবে। এ সময়ে তারা এ কালভার্ট এলাকায় নির্মাণ কাজ করতে পারছেন না। শ্রীঘই এখানের কালভার্ট নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com