পরিবেশের পক্ষে বাপা’র অবস্থান শক্ত এবং নির্মোহ : শরীফ জামিল

December 27, 2022,

মোঃ আব্দুল কাইয়ুম॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেছেন, আমাদের সকল বক্তব্যই সরকারের পক্ষে, আমরা সরকারের বিপক্ষে নই। মানুষের নিরাপত্তা ও সুষ্টু পরিবেশ নিশ্চিতের দ্বায়িত্ব সরকারের। কাজেই আমরা মনে করি, যদি পরিবেশ বিধ্বংসী কোন কর্মকান্ড হয়, তা প্রথমেই হয় সরকারী দ্বায়িত্বশীল ব্যক্তির যথাযতভাবে বাস্তবায়ন না করার কারণে। যদিও আমাদের যতেষ্ট নীতি ও আইন রয়েছে। কাজেই তারা হচ্ছে আমাদের প্রথম রেসপন্ডেন্ট। আমরা কারও বিরুদ্ধেই কথা বলিনা। আমরা পরিবেশের পক্ষে কথা বলি এবং আমাদের অবস্থান শক্ত, স্পষ্ট এবং নির্মোহ।

সোমবার ২৬ ডিসেম্বর রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত মৌলভীবাজার জেলার পরিবেশ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে শরিফ জামিল এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা,কারণ আমরা হয়তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু যেহেতু আমরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিবেশ রক্ষার কথা বলি কাজেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় পরিবেশ ও দেশের ভালোর জন্য স্বেচ্ছায় কাজ করি।

লাউয়াছড়া বনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরিফ জামিল বলেন, আমরা লাউয়াছড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু চেষ্টাটা যদি যতেষ্ট হতো তাহলে তো বনের ভিতর দিয়ে ট্রেন চলার কথা না। বাইক্কাবিল নেই, বাইক্কাবিলে উৎসব করে মাছ শিকার করা হয়।

মৌলভীবাজার শহরের ময়লা কোথায় ফেলা হয় প্রশ্ন রেখে তিনি বলেন, মনু নদী এখন আর মনু নদী নেই, ব্রিজ থেকে তাকালে নদীর দু’ধারে বড় বড় বালুর চর চোখে পড়ে। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর মৌলভীবাজার হওয়ায় পাহাড় প্রকৃতি ও জীববৈচিত্র’র জন্য বাংলাদেশের মধ্যে একটা বিরল জেলা মৌলভীবাজার, একটা ইউনিক জেলা। কাজেই মৌলভীবাজারের পরিবেশগত অনেক সমস্যা থাকবে কারণ মৌলভীবাজারটা অনেক রিচ। এখানে পাহাড় আছে, জীববৈচিত্র আছে, আধিবাসী আছে। এসময় সবাইকে মৌলভীবাজারের পরিবেশ রক্ষায় এগিয়ে আসারও আহবান জানান তিনি।

বাপা জাতীয় পরিষদের সদস্য ও মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ সোহেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা জাতীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তফাজ্জল সোহেল, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালিক, ফাদার জোসেফ গোমেজ, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ইকবাল আহমদ, বৃক্ষপ্রেমী নুরুল ইসলাম ও পরিবেশকর্মী হাসান আহমেদ রাজাসহ পরিবেশকর্মী, আইনজীবি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের পরিবেশ ও করণীয় শীর্ষক আলোচনা সভা হলেও মূলত কেন্দ্রের আয়োজনে মৌলভীবাজারের পরিবেশ রক্ষা ও বাপার কার্যক্রম পুরো জেলাব্যাপী আরও গতিশীল করার লক্ষ্যেই এ সভার আয়োজন। সভায় জানানো হয়, ২০০৮ সাল থেকে নাট্য ব্যক্তিত্ত্ব ও পরিবেশকর্মী আ.স.ম সালেহ সোহেলকে জেলা সমন্বয়ক করে মৌলভীবাজারে বাপার কার্যক্রম চলে আসছিল।

দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষে সভায় অধ্যাপক ইকবাল আহমদকে আহবায়ক ও কবি সিবপ্রসন্ন ভট্রাচার্য্যকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শীঘ্রই আহবায়ক কমিটির মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com